পেট্রোল-ডিজেল-সিএনজির পর মহার্ঘ হতে চলেছে বিদ্যুত, গেল নতুন প্রস্তাব | বিদ্যুৎ বিল বৃদ্ধি: স্থায়ী মাসিক চার্জ বাড়ানোর প্রস্তাব দিল সিইএ | Electricity Bill Hike CEA Proposes Fixed Charge Increase


Business

-Ritesh Ghosh

দিন কয়েক আগে সিএনজি, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির পর এবার সাধারণ মানুষকে বাড়তি বিদ্যুতের বিলের বোঝা বইতে হতে পারে। কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (CEA) বিদ্যুতের স্থায়ী মাসিক চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই পদক্ষেপ কার্যকর হলে, কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদেরও বিদ্যুৎ বিল বেড়ে যাবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলির (ডিসকম) ক্রমবর্ধমান ব্যয় পুনরুদ্ধারের উদ্দেশে প্রস্তাবটি দেওয়া হয়েছে। কারণ, অনেক গ্রাহক রুফটপ সোলার প্যানেলে ঝুঁকছেন এবং শিল্প প্রতিষ্ঠানগুলি নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকছে। ফলে ডিসকমগুলির আয় হ্রাস পাচ্ছে।

‘ফোরাম অফ রেগুলেটরস’-এর সামনে পেশ করা হবে এই প্রস্তাব। এতে উল্লেখ করা হয়েছে, ডিসকমগুলি তাদের বেশিরভাগ স্থায়ী ব্যয় নিশ্চিত মাসিক পেমেন্টের পরিবর্তে ইউনিট-প্রতি ট্যারিফ থেকে পুনরুদ্ধার করে। এর ফলে বিদ্যুৎ ব্যবহার কমলে রাজস্ব ঝুঁকিতে পড়ে। সঞ্চালন পরিকাঠামো, কর্মী বেতন, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ উৎপাদনকারীদের পেমেন্টের মতো খরচ ইউটিলিটির মোট ব্যয়ের প্রায় ৩৮ থেকে ৫৬ শতাংশ। অথচ মাসিক স্থায়ী চার্জ মোট আয়ের মাত্র ৯ থেকে ২০ শতাংশের যোগান দেয়।

সিইএ আরও জানিয়েছে যে, রুফটপ সোলার, ওপেন-অ্যাক্সেস সিস্টেম ও নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র গ্রহণকারী শিল্প সংস্থা এবং উচ্চ আয়ের পরিবারগুলি ব্যাকআপের জন্য গ্রিডের উপর নির্ভরশীল থাকে। অথচ তারা ডিসকমগুলি থেকে কম বিদ্যুৎ ক্রয় করে, যা তাদের আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কর্তৃপক্ষ ধাপে ধাপে স্থায়ী খরচ পুনরুদ্ধারের জন্য ‘পরিকল্পিত ও পর্যায়ক্রমিক পদ্ধতি’ (calibrated and phased approach) চালুর কথা বলেছে।

এই প্রস্তাব অনুযায়ী, গৃহস্থালি ও কৃষি গ্রাহকদের জন্য স্থায়ী চার্জ ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, ২০৩০ সালের মধ্যে শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীদের ক্ষেত্রে এই হার ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে। প্রতিবেদনে রুফটপ সোলার ব্যবহারকারী এবং নেট-মিটারিং সিস্টেমের অধীনে থাকা গ্রাহকদের জন্য পৃথক শুল্ক কাঠামো (tariff structure) চালুরও সুপারিশ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *