West Bengal
-Ritesh Ghosh
তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী কি গ্রেফতার হয়েছেন? রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক ও সঙ্গীতশিল্পী অদিতি মুন্সির স্বামী দেবরাজ, তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। দেবরাজের গ্রেফতারি হয়েছে মঙ্গলবার মধ্যরাতের আশেপাশে, এমনই খবর ছড়ায়।
পরে জানা গিয়েছে তিনি এখনও গ্রেফতার হননি। তাঁর ঘনিষ্ঠ একজন গ্রেফতার হয়েছেন। তাঁর গ্রেফতারি নিয়ে জল্পনা চলছে। ভবানীভবনে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলেও খবর। তোলাবাজি ও দুর্নীতি-সহ একাধিক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে সরকারিভাবে কোনও খবর নিশ্চিত করা হয়নি।

দেবরাজের গ্রেফতারির খবর ছড়ানোর পরপরই বিজেপি নেতারা মাঝরাতে সমাজমাধ্যমে সক্রিয় হন। রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ‘পাপ বিদায়’ হয়েছে পোস্ট করেছেন। বিজেপির অন্য নেতারাও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বিধানসভা নির্বাচনের প্রচারেই বিজেপি নেতারা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তবে এদিন তরুণজ্যোতি নিজেই জানিয়েছেন যে দেবরাজ এখনও গ্রেফতার হননি। তবে শীঘ্রই হবেন।
মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরই একাধিক বেআইনি কাজ ও অপরাধের অভিযোগে পরপর দাপুটে সব তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে।
