West Bengal
-Ritesh Ghosh
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে দিনভর পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিলেন তিনি। পুলিশি অভিযানে তাঁর ‘গোপন ডেরা’ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও হাজার হাজার সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, তাঁর গোপন আস্তানা থেকে প্রায় ৭৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণ নগদ টাকা গোনার জন্য রাতেই ঘটনাস্থলে আনা হয়েছিল তিনটি টাকা গোনার মেশিন। উল্লেখ্য, দুর্যোগে বিপন্নদের জন্য বরাদ্দ সরকারি ত্রিপল অবৈধভাবে মজুত করে রাখার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত হয় সোমবার রাতে। এলাকার কয়েকজন বাসিন্দা দেখতে পান, দীপঙ্কর ভট্টাচার্যের কার্যালয় থেকে প্রচুর ত্রিপল সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। একইসঙ্গে, কার্যালয়ের সামনে স্তূপ করে সরকারি কাগজপত্র পুড়িয়ে ফেলা হচ্ছিল। এই সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা দ্রুত বাদুড়িয়া থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দীপঙ্কর ভট্টাচার্য ও তাঁর ঘনিষ্ঠরা এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপরই সোমবার রাতে পুলিশ তাঁর পার্টি অফিস এবং বাগানবাড়িতে তল্লাশি চালায়। সেই তল্লাশিতেই প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল উদ্ধার হয়, যা অনিয়মিত মজুতের অভিযোগে বাজেয়াপ্ত করা হয়।
এর পরপরই পুলিশ চেয়ারম্যানের বাড়ির ঠিক পাশের একটি কম্পিউটার সেন্টারে অভিযান চালায়। স্থানীয়দের দাবি, ওই কম্পিউটার সেন্টারের চাবি চেয়ারম্যানের কাছেই থাকত। সেখান থেকেই কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার হয়, যার উৎস ও উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বাদুড়িয়া থানায় দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাদুরিয়ার এসডিপিও এবং ওসি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী কীভাবে সেখানে এলো, এর সাথে কারা জড়িত এবং সরকারি নথি পোড়ানোর উদ্দেশ্যই বা কী, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
English summary
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে এক অভিযানে তাঁর গোপন ডেরা থেকে ৭৯ লক্ষ টাকা নগদ ও ৪ হাজার সরকারি ত্রিপল উদ্ধার করা হয়েছে। এর আগে সরকারি নথি পোড়ানো ও ত্রিপল পাচারের অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ দেখান। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে।