Kolkata
-Ritesh Ghosh
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধায়কদের সই জাল সংক্রান্ত একটি মামলায় নোটিস দিতে এদিন সিআইডি-র চার সদস্যের দল যায়। প্রথমে হরিশ মুখার্জি স্ট্রিটের ‘শান্তিনিকেতন’-এ তাঁর বাসভবনে গিয়ে তাঁকে না পেয়ে অবশেষে কালীঘাটের বাড়িতেই নোটিস দেয়।
সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর অভিষেক নিচতলায় নেমে সিআইডি-র নোটিস গ্রহণ করেন। নোটিস হাতে নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আইনি পরামর্শ নিয়ে তদন্তে সবরকম সহযোগিতা করবেন, কিন্তু কোনও অবস্থাতেই মাথা নত করবেন না।

অভিষেককে আগামী সোমবার, ১ জুন দুপুর ১২টায় কলকাতার ভবানীভবনে তলব করা হয়েছে। এই প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি স্পষ্ট বলেন, “ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুক।” অতীতে ইডি ও সিবিআইয়ের তলব প্রসঙ্গেও তিনি তাঁর অবস্থান পরিষ্কার করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি এখনও নোটিস পড়িনি। পড়ে আইনজীবীর সঙ্গে কথা বলার পর যা করার করব। তদন্তে যদি প্রয়োজন হয় আমাকে, আমি সহযোগিতা করব। আগেও ইডি, সিবিআই যতবার ডেকেছে, গিয়েছি। যা প্রশ্ন করেছে, সব উত্তর দিয়েছি। কিন্তু মনে রাখতে হবে, আমি কোনও তদন্তের ভয়ে অন্য কোনও দলে চলে যাইনি। আমরা অন্য ধাতুতে গড়া, মাথা নত করার লোক নই। যতই আমাদের নোটিস পাঠাক, ভয় দেখাক, ধমক-চমক দিক, দমানো যাবে না আমাকে।”
সূত্রের খবর অনুযায়ী, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত প্রস্তাবপত্রে তৃণমূল বিধায়কদের সই জালিয়াতির অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু করেছে সিআইডি। এই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, এদিন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও একই সংক্রান্ত বিষয়ে নোটিস দিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। এই প্রসঙ্গে কুণাল ঘোষ সাংবাদিকদের জানান যে তিনি আইন মেনে যা করণীয়, তাই করবেন।
তবে কুণাল ঘোষ এই সই জালিয়াতি কাণ্ডে জানান, এই মামলায় আগে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। তিনি আরও যুক্তি দেন যে বিরোধী দলনেতা হওয়ার জন্য যে সংখ্যক বিধায়ক প্রয়োজন, তৃণমূলের কাছে তার চেয়েও বেশি বিধায়ক রয়েছে, তাই জালিয়াতির প্রয়োজন পড়ে না।
English summary
তৃণমূল বিধায়কদের সই জাল করার অভিযোগে সিআইডির স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর বাড়িতে গিয়ে নোটিস পৌঁছে দেন তদন্তকারীরা। আগামী সোমবার দুপুর ১২টায় তাঁকে ভবানীভবনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। যদিও এই ঘটনায় আইনত লড়াইয়ের ও তদন্তে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছেন অভিষেক। একই মামলায় নোটিস পেয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও।