West Bengal
-Ritesh Ghosh
সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গেলে জনরোষের মুখে পড়েন অভিষেক। ক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম, ইট ছোড়ে এবং ‘চোর’ স্লোগান দেয়।
মৃত কর্মীর বাড়িতে হেঁটে যাওয়ার সময় অভিষেককে হেনস্থা করা হয়। ঘটনার পরই সোনারপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। রাতভর তল্লাশি চালিয়ে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ছয়জনকে চিহ্নিত ও গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সবাই স্থানীয় বাসিন্দা। বাকি অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

আক্রমণের পর পুলিশি পাহারায় ঘটনাস্থল থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে যান। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানান, তাঁর হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। পরে মিন্টো পার্কের কাছে অন্য এক বেসরকারি হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া হলে একই পরামর্শ দেওয়া হয়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে বাড়িতে ফিরিয়ে এনে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আপাতত বাড়িতেই চিকিৎসা হবে। স্যালাইন, অক্সিজেন যা লাগবে বাড়িতেই দেওয়া হবে। প্রয়োজন পড়লে হায়দরাবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে অভিষেকের।”
English summary
সোনারপুর এলাকায় এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ইট ও ডিম ছোড়া হয় এবং দেওয়া হয় স্লোগান। ঘটনার তদন্তে নেমে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ৬ জন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিষেকের শারীরিক অবস্থার খবর দিয়েছেন।