Kolkata
-Ritesh Ghosh
কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বিধাননগরের পর এবার কলকাতা পুরসভাতেও বড় ভাঙন দেখা গেল। মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।
এদিন সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম জানান, এই চেয়ারের আলাদা সম্মান রয়েছে। সেই সম্মান বজায় রাখা এখন আর সম্ভব নয়। অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

করোনা এবং আম্ফানের মতো চ্যালেঞ্জ তিনি মোকাবিলা করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি দলের নেত্রীর কাছে অনুমতি চেয়েছিলেন। নেত্রীর সম্মতিক্রমেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সসম্মানেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন।
ফিরহাদ হাকিমের পদত্যাগের পর জল্পনা তীব্র হয়েছে। পুরবোর্ড ভেঙে দেওয়ার জোরালো প্রস্তুতি শুরু হয়েছে। আগামীদিনে যারা পুরসভা চালাবে তাদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন। নতুন মুখ্যমন্ত্রীর কাছে মানুষের সেবার আর্জি জানিয়েছেন ফিরহাদ। এদিকে পুর কমিশনার স্মিতা পাণ্ডে দায়িত্ব নিতে প্রস্তুত বলে খবর।
বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পরিষেবা বন্ধ হলে মানুষ অসুবিধায় পড়বে বলে তিনি দাবি করেন।
এর আগে কলকাতা পুরসভারই নিকাশি দফতরের মেয়র পারিষদ পদ ছেড়েছেন তারক সিংও। এছাড়া বরো চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন সুশান্ত ঘোষ। মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ ছেড়েছেন অরূপ চক্রবর্তী। ওদিকে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও পদত্যাগ করেছেন। দুটি পুরসভাই তাই তৃণমূলের হাতছাড়া হওয়ার মুখে।
English summary
কলকাতা পুরসভার মেয়র পদ থেকে মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। কাজ করতে না পারার ক্ষোভ এবং আক্ষেপ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই তিনি পদ ছাড়লেন। ফিরহাদের ইস্তফায় কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। বিধাননগরের মেয়রের পর কলকাতার মেয়রের পদত্যাগে শাসক দলের অন্দরেও চাঞ্চল্য তৈরি হয়েছে।