অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর গাওয়া গানে বাণীপুর মেলায় রীতিমতো সাড়া ফেলে দিল দর্শকদের। চলছে বাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব বাণীপুর মেলা (Banipur Lok Utsav & Fair)। সেখানেই প্রতিদিন সন্ধ্যায় নানা বিশিষ্ট সংগীত শিল্পীদের উপস্থিতিতে চলছে অনুষ্ঠান। শুধু সংগীত অনুষ্ঠান নয়, পাশাপাশি রয়েছে নাটক, মুখাভিনয় সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই উৎসব মঞ্চেই এদিন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামীকে দেখা গেল মাইক হাতে রীতিমতো গান গাইতে। কোনওরকম তালিম না নিয়ে শখে গান করেন বিধায়ক। তাঁর গানে ইতিমধ্যেই মুগ্ধ জেলার অন্যান্য নেতা-মন্ত্রীরাও। ইতিমধ্যে বিধায়ক হয়েও নানা ব্যস্ততার মাঝে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা যায় নারায়ণ গোস্বামীকে। শখে গান রেকর্ডিং করতেও দেখা গিয়েছে এই বিধায়ককে।
এদিন লোক উৎসবের মঞ্চে কয়েক হাজার দর্শকের সামনে গান গেয়ে খুশি বিধায়কও। অনুষ্ঠান মঞ্চ থেকেই বারংবার জানালেন সে কথা। বিধায়কের এহেন গান শুনে খুশি দর্শকরাও। মেলা ঘুরতে আসার দর্শকদের অনেককেই দেখা গেল বিধায়কের গান শুনে দাঁড়িয়ে যেতে। শুধু মেলায় আসার দর্শকরা নন, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকেরাও দাঁড়িয়ে শুনলেন বিধায়কের গান। সব মিলিয়ে জমজমাট বাণীপুর লোক উৎসব মেলা। টানা দু’বছর বন্ধ থাকার পর ফের শুরু হল বাংলার দ্বিতীয় বৃহত্তম বাণীপুর লোক উৎসব ও মেলা (Banipur Lok Utsav)। করোনা পরবর্তী পরিস্থিতি কারণে মেলা বন্ধ থাকায়, এই বছর তা কাটিয়ে স্বাভাবিক ছন্দেই শুরু হয়েছে এই মেলা। এই বছর ৬৭তম বর্ষে পদার্পণ করল এই মেলা। বাণীপুর পিজিবিটি ময়দানে প্রায় ৪০০টি স্টল সহ একাধিক পসরা নিয়ে প্রতিদিন দুপুরের পর থেকে জমে উঠছে মেলা।
