জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিলামে (IPL 2026 Auction) বুঝে-শুনে পরপর খেলোয়াড় তুলছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আবুধাবির এতিহাদ এরিনা রীতিমতো জমিয়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর (KKR)। এবার ৯.২০ কোটি টাকায় পদ্মাপারের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছিনিয়ে নিল শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি। নিলামে রেকর্ড করলেন বাঁ-হাতি কাটার স্পেশালিস্ট। তিনিই হয়ে গেলেন লিগ ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি!

Add Zee News as a Preferred Source

কেকেআরে চতুর্থ বাংলাদেশি! 

আইপিএলে কেকেআরের হয়ে প্রতিনিধিত্ব করা চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হলেন মুস্তাফিজুর। মাশরাফি বিন মোতার্জা ২০০৯ সালে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। তারপর সাকিব আল হাসান পরবর্তীতে সফল সময় কাটিয়েছেন। ২০১২ ও ২০১৪ সালে দলের সঙ্গে শিরোপাও জিতেছিলেন। মুস্তাফিজুর আসার আগে ২০২৩ সালে লিটন দাস কেকেআরে নাম লিখিয়ে ছিলেন। কলকাতার হয়ে একটি ম্যাচেই অংশ নিয়েছিলেন তিনি। ক্রিকেটের সব সংস্করণেই  মুস্তাফিজুর নিজেকে প্রমাণ করেছেন। 

আরও পড়ুন: বেস প্রাইজের চেয়ে ৪৬৩৩% বেশি! ‘আনক্যাপড’ হয়েও ১৪ কোটি, ইতিহাস লেখা প্রশান্ত-কার্তিক কারা?

২ কোটির টাকার বেস প্রাইজ

এদিন ২ কোটি টাকার বেস প্রাইজে ছিলেন ফিজ। নিলামে তাঁর নাম উঠতেই ফ্র্যাঞ্চাইজিগুলি তাঁকে নিতে দ্রুতই আগ্রহী হয়ে ওঠে। দিল্লি ক্যাপিটালসে গত আইপিএলে জেক ফ্রেজার-ম্যাকগার্ক চোট পাওয়ায়, বদলি হিসেবে প্রতিনিধিত্ব করেন মুস্তাফিজুর। এদিন দিল্লিই প্রথমে তাঁর বিডিং শুরু করে। চেন্নাই সুপার কিংসও দ্রুত এই লড়াইয়ে যোগ দেয়। বাংলাদেশি পেসারের সঙ্গে অতীতের সফল সম্পর্কের ওপর ভরসা রেখেই। এরপর তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং দিল্লি ও চেন্নাইয়ের মধ্যে। বাংলাদেশি পেসারের দাম দ্রুত ৫ কোটি টাকা ছাড়িয়ে যায়।

চেন্নাইতে দারুণ খেলেছেন

যখন মনে হচ্ছিল যে সিএসকে প্রাক্তন ক্রিকেটারকে ৫.৪ কোটি টাকায় দলে ফেরাচ্ছে, ঠিক তখনই নাটকীয়ভাবে কেকেআর গিয়ার বদলে ফেলে। নিলামের রঙই বদলে দেয় তারা। সিএসকে জোরে দর হাঁকতে থাকে। বিডকে ৭ কোটি টাকা এবং তারও বেশি পর্যন্ত নিয়ে যায়। এরপর পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য তারা ক্ষণিকের বিরতি নেয়। দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং এবং সিইও কাসি বিশ্বনাথনের মধ্যে দ্রুত আলোচনার পর সিএসকে শেষবারের মতো চেষ্টা করে, এবং বিডকে প্রায় ৯ কোটি টাকার কাছাকাছি নিয়ে যায়। তবে অভিষেক নায়ার ও ভেঙ্কি মাইসোররা অবস্থানে অটুট থাকেন। এবং শেষ পর্যন্ত ৯.২০ কোটি টাকায় ফিজকে সই করিয়ে নেয়।

আরও পড়ুন: ৩০ লাখ থেকে সোজা ৮.৪০ কোটি! নিলামে দিল্লির চমক কাশ্মীরি কোহিনুর, রইল বায়োডেটা…

৩০ বছর বয়সী মুস্তাফিজুরের প্রশ্নাতীত অভিজ্ঞতা এবং প্রমাণিত দক্ষতা। ২০১৬ সালে আইপিএল অভিষেকের পর থেকেই তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। আইপিএলের প্রথম মরসুম ছিল অবিস্মরণীয়। তিনি টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন—এবং এই পুরস্কার জেতা প্রথম বিদেশি ক্রিকেটারও হয়েছিলেন। মুস্তাফিজুরের পরিসংখ্যানই তার প্রভাবের প্রমাণ দেয়। ৩০৮ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৭.৪৩-এর চমৎকার ইকোনমি রেটে ৩৮৭টি উইকেট নিয়েছেন। আইপিএলে ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমিতে ৬৫ উইকেট নিয়েছেন। যার মধ্যে একবার চার উইকেটও তুলেছেন। কেকেআরের জন্য ‘দ্য ফিজ’-কে দলে নেওয়াটা কেবল চমকপ্রদ চুক্তিই নয়, বরং এমন একজন বোলারের উপর সুচিন্তিত বিনিয়োগ, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version