জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত। এই বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা।
কিন্তু এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তৈরি করা হয়েছে কিছু নতুন নিয়ম। প্রশ্ন এবং উত্তর লেখার ক্ষেত্রে বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর অতিরিক্ত পাতা নিতে পারবে না পরীক্ষার্থীরা (Higher Secondary)। উত্তর লেখার সময়ও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত উত্তর লেখা যাবে না।
চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের দেওয়া হবে ২৪ পাতার উত্তরপত্র। অপরদিকে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি যারা দেবে তারা পাবে ১৬ পাতার উত্তরপত্র। এ ছাড়াও বাড়তে চলেছে বিকল্প প্রশ্নের সংখ্যা।
চতুর্থ সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন। যেখানে আগে তিনটে প্রশ্ন থাকত তার মধ্যে যে কোনও দুটি লিখতে হত, এবারে তিনটির বদলে থাকবে ৪টি প্রশ্ন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছেন, ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্যই প্রশ্নের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এতে পড়ুয়ারাই উপকৃত হবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
