অয়ন ঘোষাল: ফেব্রুয়ারির শেষ দিকে রীতিমতো উষ্ণতার পরশ বঙ্গে (Summer in Bengal)। এখনই কলকাতায় দিনে ৩০ এবং রাতে ২০ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা। আপাতত ৪৮ ঘণ্টা এই মাপকাঠিতে পারদ থাকার পরে মঙ্গল-বুধবার থেকে আরও পারদ উত্থান (Increasing Heat)। কলকাতায় দিনের পারদ আগামী সপ্তাহের মাঝামাঝি উঠতে চলেছে ৩২-৩৩ ডিগ্রির ঘরে। রাতের পারদ পেরিয়ে যেতে পারে ২১ ডিগ্রির ঘর। ফেব্রুয়ারির শেষ দিকে রীতিমতো উষ্ণতার পরশ বঙ্গে।
কুয়াশা কখন?
উত্তরবঙ্গে সকালে হালকা কুয়াশা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গে তেমনভাবে আর কোথাও কুয়াশার উল্লেখযোগ্য পূর্বাভাস থাকছে না।
পশ্চিমি ঝঞ্ঝা, নিম্নচাপ
পশ্চিমি ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং দক্ষিণ-পূর্ব পাকিস্তানের সংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আসছে আরও এক নিম্নচাপ।
ক্রমশ ঊর্ধ্বমুখী উষ্ণতা
দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য নীচে। শনিবার থেকে গোটা দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে উঠতে চলেছে। ফলে, দিনের পাশাপাশি এবার রাতেও শীতের আমেজ বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। শনি রবি সোম মঙ্গল– চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
শীতের কথা
উত্তরবঙ্গ সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন। উত্তরবঙ্গেও এবার বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল-সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলায় ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
মঙ্গলেই অমঙ্গল?
কলকাতায় মঙ্গলবারের মধ্যে দিনের তাপমাত্রা ২২ এবং রাতের তাপমাত্রা ৩২ স্পর্শ করতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। দিনভর পরিষ্কার আকাশ। কলকাতায় বৃহস্পতিবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে একলাফে বেড়ে ১৯.২ ডিগ্রি হয়। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৩ থেকে ৭৮ শতাংশ।
সতর্কতা
শিলাবৃষ্টির সতর্কতা রাজস্থান এবং মধ্যপ্রদেশে। আজ, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টি রাজধানী দিল্লিতে। এছাড়াও পঞ্জাব হরিয়ানা চন্ডিগড়েও। রাজস্থানেও একই পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের শিলাবৃষ্টির আশঙ্কা। দুদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মধ্যপ্রদেশেও থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
