বাংলায় সব ধরনের ধর্মীয় ভাতা ও সাহায্য বন্ধের পথে বিজেপি সরকার! | পশ্চিমবঙ্গ ধর্মভিত্তিক প্রকল্প বন্ধের মন্ত্রিসভার বড় ঘোষণা | WB Government Stops Religious Category-based Welfare Schemes


West Bengal

-Ritesh Ghosh

পশ্চিমবঙ্গ সরকার ধর্মীয় শ্রেণিভিত্তিক সমস্ত প্রকল্প বন্ধ করার কথা ঘোষণা করেছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেছেন, যদিও চলতি মাসে প্রকল্পের আওতায় সহায়তা মিলবে, তবে আগামী মাস থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ ঘোষণার সময় অগ্নিমিত্রা পল স্পষ্ট ভাষায় বলেন, “ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।” এই পদক্ষেপকে ধর্মীয় বৈষম্যমূলক নীতি অবসানের সূচনা হিসাবে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সরকার গঠনের দশ দিনেরও কম সময়ে পরপর গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে আসছে। পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে ‘তোষণের রাজনীতি’ ও ভাতাভিত্তিক খয়রাতির সংস্কৃতি নিয়ে বিজেপি বারবার সরব হয়েছিল। নির্বাচনের আগে তাদের সংকল্পপত্রে কর্মসংস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ‘ভাতা নয়, ভাতের’ ডাক দিয়েছিল পদ্মব্রিগেড।

এর ফলে মমতা সরকারের চালু করা ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের মাসিক ভাতাও সম্ভবত বন্ধ হচ্ছে। আগের সরকার তাদের মাসিক ১৫০০ টাকা ভাতা দিত, যা চলতি বছরের মার্চ মাসে ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *