জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে এশিয়া কাপ (Asia Cup 2025)। ভারত এবং পাকিস্তান উভয় দলই দুর্দান্ত জয়ে অভিযান শুরু করেছে। ভারত প্রথম ম্যাচে ৯ উইকেটে ইউএই-কে গুঁড়িয়ে দিয়েছিল। সেখানে পাকিস্তান ৯৩ রানে ওমানকে হারিয়েছে।
আর কয়েক ঘণ্টায় ফের ভারত-পাক মহারণ। ‘মাদার অফ অল ব্যাটল’ এবার চরম বিতর্কের! এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের (India vs Pakistan Asia Cup 2025) সূচি ঘোষিত হওয়ার পর থেকেই, সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচ বয়কটের তীব্র প্রচার চলছে। সকলের একটাই প্রশ্ন- পহেলগাঁও কাণ্ডের পরেও কী করে ভারত খেলতে পারি পাকিস্তানের সঙ্গে।
আরও পড়ুন: বদলার ম্যাচে ইঞ্চিতে-ইঞ্চিতে প্রতিশোধ, মশালের আগুনে পুড়ল হিরে…
পহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম দুই দেশ মুখোমুখি। যতই খেলা দুবাইয়ে হোক না কেন নিরাপত্তা নিয়ে দুবাইয়ে প্রশাসন কোনও রকম আপস করতে নারাজ। একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। চূড়ান্ত নাটকীয়তা এবং মাঠের বাইরের উত্তেজনার কথা মাথায় রেখেই দুবাই পুলিস এবং ইভেন্টস সিকিউরিটি কমিটি (ইএসসি) ম্যাচে উপস্থিত সকল দর্শকের জন্য কঠোর নিয়মকানুন প্রয়োগ করেছে। যার মধ্যে রয়েছে বিরাট অঙ্কের জরিমানা এবং হাজতবাস।
দুবাই পুলিসের সহকারি কমান্ডার-ইন-চিফ ফর অপারেশনস এবং ইএসসির প্রধান মেজর জেনারেল সইফ মাহির আল মাজই ঘোষণা করেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচটি তদারকি করার জন্য বিশেষ ইউনিটগুলিকেই দায়িত্ব দেওয়া হয়েছে। খেলায় যে কোনোও বিঘ্নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে, জননিরাপত্তার জন্য হুমকির ফলে কঠোর আইনি প্রতিক্রিয়া দেখা দেবে।
ক্রীড়া সুবিধা এবং ইভেন্টের নিরাপত্তা সংক্রান্ত ফেডারেল আইন লঙ্ঘনকারীদের জন্য স্পষ্ট শাস্তিও নির্দিষ্ট করে দিয়েছেন। মাঠে অননুমোদিত প্রবেশ বা নিষিদ্ধ জিনিসপত্রের তালিকায় রয়েছে আতশবাজি, দাহ্য পদার্থ, লেজার, ছাতা, বড় ক্যামেরা, সেলফি স্টিক, ধারাল বস্তু, বিষাক্ত পদার্থ, পতাকা, ব্যানার, পোষা প্রাণী, রিমোট-নিয়ন্ত্রিত ডিভাইস, সাইকেল, স্কুটার, স্কেটবোর্ড এবং কাচের জিনিসপত্র। এই নিয়ম না মানলে এক থেকে তিন মাসের কারাদণ্ড হতে পারে, সেই সঙ্গে ৫,০০০ ডিরহাম থেকে ৩০০০০ ডিরহাম (প্রায় ১.২ লক্ষ টাকা থেকে ৭.২ লক্ষ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে।
আরও পড়ুন: আর কয়েক ঘণ্টায় ম্যাচ, ড্রেসিংরুমে আচমকাই ‘বয়কট’ রব! এল আঁতকে ওঠা আপডেট…
এছাড়াও, সহিংসতা, বস্তু নিক্ষেপ, অথবা বর্ণবাদী বা গালিগালাজ করলে ৩০০০০ ডিরহাম পর্যন্ত জরিমানা এবং সম্ভাব্য জেল হতে পারে। এএসসি সুপারিশ করেছে যে, দর্শকদের খেলা শুরুর কমপক্ষে তিন ঘণ্টা আগে ভেন্যুতে উপস্থিত হতে হবে। তাদের বৈধ টিকিট আছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং স্টেডিয়ামের আশেপাশে অননুমোদিত এলাকায় গাড়ি পার্কিং বা রাস্তা অবরোধ করা থেকে বিরত থাকবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
