চম্পক দত্ত: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৩। পুলিসকে ঘিরে বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের কেশপুর রাজ্য সড়কে মাইতিগোলার কাছে। জানা গিয়েছে কেশপুরের দিক থেকে একটি মারুতি ভ্যান মেদিনীপুরের দিকে ফিরছিল। মারুতি ভ্যানে একজন ড্রাইভার-সহ চার জন যাত্রী ছিল।
উল্টো দিক থেকে একটি মালবাহী ট্রাক, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মুখোমুখি ধাক্কা মারে মারুতি ভ্যানটিকে। মারুতি ভ্যানের সামনের অংশ সম্পূর্ন দুমড়ে মুচড়ে যায়। মারুতি ভ্যানে থাকা দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
ড্রাইভার-সহ আরেকজনকে সামনের অংশ কেটে বের করতে হয়। এই দুজনেই ঘটনাস্থলেই মারা যায়। মারুতি ভ্যানের পিছনে আসছিল আরও একটি মোটর বাইক। সেও এই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপরই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা এলাকায় রাস্তার উপর বাম্পের দাবিতে মৃতদেহ ফেলে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার বিশাল পুলিস বাহিনী। পুলিস পৌঁছলে পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। বর্তমানে যথেষ্ট উত্তেজনারা রয়েছে এলাকায়।
এছাড়া, সোমবার, এগরায় আরেকটি পথ দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন রিক্সা ও বাইকের সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। সোমবার রাত ৮টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল
বাসস্ট্যান্ডের কাছে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহাদেব পাল। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি এগরার ৮ নম্বর ওয়ার্ডের পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা ছিলেন। জানা যায়, এগরার সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ইঞ্জিন রিক্সার সঙ্গে মহাদেববাবুর মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনা এতো মাত্রায় বেড়েছে যে, রাতের শহরে কলকাতায় পথ দুর্ঘটনার বলি দুই। জোকা মেট্রো স্টেশনের নীচে ঘটে এই দুর্ঘটনা। ঘটনার তদন্তে ঠাকুর পুকুর থানার পুলিস। ঘাতক গাড়ির খোঁজে ও কী ভাবে দুর্ঘটনা তা জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিস।
পুলিস সূত্রে খবর, ঠাকুরপুকুরের বাসিন্দা অঞ্জন সাধুখাঁ (২৯) তার বাড়িতে ফিরছিল বাইকে করে, বাইকের পিছনে এক তরুণী ছিল। জোকার দিক থেকে ঠাকুরপুকুরের দিকে যাওয়ার সময় জোকা মেট্রো স্টেশনের নীচে দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি বিদ্যাসাগর স্টেট্ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার কারণ হিসাবে পুলিসের অনুমান জোকা মেট্রো স্টেশনের নীচে রাস্তায় একটা ঢাল রয়েছে, সেই ঢাল থেকে নেমেই রাস্তা একটু খারাপ রয়েছে। কোনওভাবে সেই ঢাল থেকে নেমে খারাপ জায়গায় টাল সামলাতে না পেরে ছিটকে পরে, পিছনে কোনও গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায় বলে অনুমান। তবে এই বিষয়ে নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রে আরও খবর ছেলেটির মাথায় হেলমেট থাকলেও মেয়েটির মাথায় হেলমেট ছিল না। ছেলেটির পরিচয় পাওয়া গেলেও মেয়েটির পরিচয় জানা যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
