এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূও জানান, ঠিক কী ঘটেছে তা আমার কাছে স্পষ্ট নয়। তবে শুনেছি পেছন থেকে ধাক্কা লেগেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেখেছেন সার্জারি বিভাগের চিকিৎসক গৌতম দাস, নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক শুভাশিস ঘোষ, নিউরোমেডিসিন বিভাগের চিকিৎসক বিমানকান্তি রায়। এছাড়াও শ্যামাসিক বন্দ্যোপাধ্যায়ও তাঁকে দেখেন। শুক্রবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
তাঁকে চিকিৎসকরা হাসপাতালে রাখার পরামর্শ দিলেও বাড়ি যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাতেই তাঁকে বাড়ি নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কাজরি বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলাকালীন তাঁর সঙ্গে সর্বক্ষণ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার খবর শুনে উদ্বেগে তাঁর অনুগামী, সমর্থক তথা রাজ্যবাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধী। দুই জনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অন্যদিকে, রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
আপাতত বাড়িতে থাকলেও মমতা বন্দ্য়োপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, তাঁর শারারিক অবস্থা স্থিতিশীল। মুখ্যমন্ত্রীর জন্য জেলায় জেলায় প্রার্থনা করতে দেখা যাচ্ছে তাঁর সমর্থকদের। দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন, এমনই কামনা করছেন সকলে।
